আজকের দিনে বুদ্ধিজীবি বললে কেমন একটা তির্যক শব্দ বলেই মনে হয়। কেউ হয়তো লেখক বা কোন শিল্পী( চিত্রকর বা সঙ্গীত বা নাট্যকলায় পারদর্শী) যখন প্রয়োজন মতো নিজের অবস্থান বদল করতে পারেন তখন তিনিই বুদ্ধিজীবি বলেই গণ্য হন। অবশ্যই এই শিল্পীরা নিজেদের চোখ কান খোলা রেখে কোনদিকে বাতাস বইছে সেটা বুঝতে পারেন এবং সেই মতন নিজের অবস্থান পরিবর্তন করেন। এঁদের নানা রঙের জামা আছে এবং সময় মতন এঁরা জামা বদল করেন এবং বলেন আমি তোমাদের ই লোক যদিও নিজের সুবিধা ছাড়া আর কিছুই বোঝেন না এঁরা।
সুমিত আজকাল একটু লেখালেখি করছে এবং পাঠকমহলে ওর লেখা বেশ নজর কেড়েছে । বাচ্চাদের জন্য লেখা ছড়া গ্রাম ও মফস্বলে বেশ পরিচিতি পেয়েছে। শহরে বাচ্চারা একটু ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার জন্যই হোক বা একটু বেশি চালাক চতুর হবার জন্যই হোক ছড়ার দিকে নজর দেয়না। নানারকম লেখা যেমন ছোটগল্প, উপন্যাসেও বেশ ভালরকম প্রশংসা পেয়েছে। অনেক জায়গা থেকে প্রধান অতিথি হবার আমন্ত্রণ পাচ্ছে। সেদিন বই মেলায় তো ওকে দেখে বেশ ভীড় জমে গেল অনেকেই ওর অটোগ্রাফ নিতে চাইছিল। দেখে বেশ ভাল লাগছিল কারণ প্রথম দিকে ও আমাকে পড়তে দিত ওর লেখাগুলো। উৎসাহ ওকে দিয়েছি এবং ধীরে ধীরে ওর লেখা আরও পরিণত হয়েছে। সেই জন্য ওর সাফল্যে নিজেকে রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালির মতন মনে হচ্ছিল । কিন্তু ওকে কেউ বুদ্ধিজীবি বললে ও খুবই রেগে যেত। একদিন ওকে বললাম, " তুমি এত রেগে যাও কেন?"
ও রাগ না কমিয়ে বলল যে ও একটা নীতি মেনে চলে যা সরকারী নীতির পরিপন্থী। অতএব ও বুদ্ধিজীবি বলে ছাপ নিতে রাজি নয়।"
সত্যিই তো এঁদের অনেকেই একসময় তাঁদের লেখা ও গানে বা অন্যশিল্পকলায় তাঁদের ছাপ রেখেছেন এবং অনেক লোককে উদ্বুদ্ধ করেছেন, হঠাৎই কিছু স্বীকৃতির বিনিময়ে বা কিছু সুবিধার বিনিময়ে কেন তাঁরা নিজেদের স্বাতন্ত্র্য বিসর্জন দিয়েছেন এটা বোধগম্য হয়না। তাঁদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা স্বকীয়তায় ভাস্বর, আপনারা সেই মহিমায় বিরাজ করুন, কেউ যেন আপনাদের এইভাবে কলঙ্কিত করতে না পারে ।
খুব ভালো লাগল পড়ে। এইভাবেই লিখতে থাকুন আমাদের জন্যে।
ReplyDelete